কৃষির চেয়ে বাণিজ্যিক খাতে ঋণ দিতেই বেশি উৎসাহী বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। এতে বিশেষায়িত এই ব্যাংক দুটি গঠনের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, অর্থাৎ দরিদ্র ও হতদরিদ্র কৃষক ঋণ পাচ্ছেন কম।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি বিকেবি ও রাকাবের দুই ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে এ কথা জানিয়েছে। তার আগে কেন্দ্রীয় ব্যাংকও উভয় ব্যাংকের ব্যাপারে একই ধরনের কথা বলেছে।
চিঠি দেওয়ার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ বিষয়ে একটি সার-সংক্ষেপ উপস্থাপন করে ব্যাংক ও আর্থিক
প্রতিষ্ঠান বিভাগ। এতে অর্থমন্ত্রী মন্তব্য করেছেন, বিকেবির খেলাপি ঋণের বেশির ভাগই বৈদেশিক ও অকৃষি খাতের বাণিজ্যিক ঋণ। রাকাবেরও একই অবস্থা।
অর্থমন্ত্রী ব্যাংক দুটিকে তাদের ঋণ কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ কৃষি খাতে বিতরণের পরামর্শ দিয়েছেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগও অকৃষি বাণিজ্যিক খাতের তুলনায় কৃষি খাতে ঋণ বিতরণে মনোযাগী হতে বলেছে এই দুই ব্যাংককে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিকেবি গত সেপ্টেম্বর পর্যন্ত ১৬ হাজার ৩৭৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপি ঋণ ৪ হাজার ৫৬২ কোটি টাকা। খেলাপি ঋণের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ। একই সময়ে রাকাব ঋণ দিয়েছে ৪ হাজার ৪৩৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ১ হাজার ৪৬০ কোটি টাকা। খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৮৯ শতাংশ।
এদিকে রাকাবের মূলধন ঘাটতি তত না বাড়লেও বিকেবির মূলধন ঘাটতি বেড়েই চলেছে। ২০১৩ সালের মার্চ পর্যন্ত ব্যাংকটির মূলধন ঘাটতি ছিল ৫ হাজার ৭৫ কোটি টাকা; যা চলতি বছরের জুন শেষে বেড়ে হয়েছে ৫ হাজার ৯৯৮ কোটি টাকা। তিন মাস পর অর্থাৎ গত সেপ্টেম্বর শেষে এই ঘাটতি দাঁড়ায় ৬ হাজার ৯০ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে অবশ্য রাকাবের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬৫০ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয়ের চাওয়া অনুযায়ী বিকেবি ও রাকাবের কৃষিঋণ চিত্রের ওপর ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত আলাদা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক বাণিজ্য ও অকৃষি খাতের বাণিজ্যিক ঋণের কারণেই মূলত দুই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক অর্ডার, ১৯৭৩ অনুযায়ী গঠিত হয় বিকেবি। এটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ১৯৭৭ সালে। বর্তমানে ব্যাংকটির এক হাজার ২৯টি শাখা রয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চিঠিতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে বলেছে বিকেবিকে। এগুলো হচ্ছে: ঋণের উল্লেখযোগ্য অংশ দরিদ্র কৃষকদের দেওয়া, অকৃষি বাণিজ্যিক খাতে ঋণ বিতরণ নিরুৎসাহিত করা, বৈদেশিক বাণিজ্য ঋণ কার্যক্রম কৃষিসংশ্লিষ্ট ঋণ কার্যক্রমের মধ্যে সীমিত রাখা এবং এ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা।
জানতে চাইলে বিকেবির এমডি এম এ ইউসুফ গতকাল শনিবার প্রথম আলোকে জানান, বিকেবির ব্যাপারে মন্ত্রণালয় যা বলেছে, গত অক্টোবরের শেষ সপ্তাহে এ ব্যাংকে যোগ দেওয়ার পর থেকে তা বাস্তবায়নের কাজই তিনি করছেন।
বিকেবির কারওয়ান বাজার শাখা অকৃষি বাণিজ্যিক খাতে বিপুল অঙ্কের ঋণ দিয়ে এখন ফেরত পাচ্ছে না, এ বিষয়ে জানতে চাইলে এম এ ইউসুফ বলেন, ‘এই অর্থ উদ্ধারে পদক্ষেপ নিচ্ছি। আগের এ ধরনের ঋণের পরিবর্তে আমরা এখন প্রকৃত কৃষি খাত ও কৃষিভিত্তিকশিল্পেই ঋণ বিতরণ কার্যক্রম চালু রাখতে চাই।’
দেশের উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পকে ঋণ সহায়তা দিতে বিকেবিরই রাজশাহী অঞ্চলের সব শাখা ও কার্যালয়ের সম্পদ এবং দায় নিয়ে গঠন করা হয় রাকাব। এটি চলছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৬ অনুযায়ী। ১৯৮৭ সালে কার্যক্রম শুরু হওয়া এ ব্যাংকের বর্তমান শাখা ৩৭৬টি।
রাকাবকে পাঠানো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠিতে বলা হয়, ঋণ কার্যক্রম ব্যাংক গঠনের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে, দরিদ্র কৃষকদের ঋণ দিতে হবে এবং অকৃষি বাণিজ্যিক খাতে ঋণ বিতরণে নিরুৎসাহিত হতে হবে।
রাকাবের এমডি মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছি। রাকাব ঋণ বিতরণে আগামীতে কৃষি খাতকে আরও বেশি গুরুত্ব দেবে।’